
অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষক রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্যারিস রোডে টাঙানো ওই ব্যানারটি তিনি নিজ হাতে খুলে ফেলেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সংশ্লিষ্ট শিক্ষককে ব্যানারটি সরিয়ে নেওয়ার জন্য দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন আম্মার। নির্ধারিত সময়ের মধ্যে ব্যানারটি অপসারিত না হওয়ায় তিনি নিজে সেখানে গিয়ে তা ছিঁড়ে ফেলেন এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট শিক্ষককে আলটিমেটাম দেওয়ার পরও তিনি তা সরাননি, তাই সাধারণ শিক্ষার্থী হিসেবে তিনি নিজেই সেটি ছিঁড়ে দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যেকোনো উপসর্গ দেখা গেলে শিক্ষকদের বিরুদ্ধে তাঁর এই বিরোধিতা অব্যাহত থাকবে। তাঁর মতে, শিক্ষক রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করে শিক্ষকদের রাজনৈতিক দালালে পরিণত করছে।
একই বার্তায় তিনি জামায়াতে ইসলামীকেও সতর্ক করে বলেন, ক্যাম্পাসে যেকোনো ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড ক্যাম্পাসের বাইরে পরিচালনা করতে হবে। তিনি সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির নেপথ্যে থাকা ভয়াবহ শিক্ষক রাজনীতি নিয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এদিকে ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। তিনি এই ঘটনাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে বলেন, তারেক রহমান বর্তমানে জাতীয় ঐক্যের প্রতীক এবং তাঁকে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙানোয় বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ছাত্র নামধারী এসব নেতারা পড়াশোনা বাদ দিয়ে ক্যাম্পাসে টহল দিয়ে বেড়াচ্ছে, যার বিচারের ভার তিনি জাতির কাছে ছেড়ে দিয়েছেন।
উল্লেখ্য, তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানারটি স্থাপন করেছিল জিয়া পরিষদ।
Discover more from Shadhin Janapad
Subscribe to get the latest posts sent to your email.


