
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন শাহজাদপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী তাসরিফা ইসলাম প্রিয়ন্তী। ঢাকা পর্যায়ে অনুষ্ঠিত ‘তাৎক্ষণিক অভিনয়’ প্রতিযোগিতায় সারা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তৃতীয় স্থান (দ্বিতীয় রানার আপ) অধিকার করেছেন তিনি।
প্রিয়ন্তীর এই গৌরবময় অর্জনে শাহজাদপুর সরকারি কলেজসহ পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পৌর এলাকার ছয়আনীপাড়া মহল্লার মেয়ে প্রিয়ন্তী বর্তমানে শাহজাদপুর সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। তাঁর পিতা মরহুম সিরাজুল ইসলাম।
প্রিয়ন্তীর এই যাত্রাপথ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি পর্যায়ক্রমে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রাজশাহী বিভাগের প্রতিনিধি হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। ঢাকার চূড়ান্ত আসরে তাঁর সাবলীল অভিনয় এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তা বিচারকদের মুগ্ধ করে, যা তাঁকে দেশসেরা তিনের তালিকায় স্থান করে দেয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছোটবেলা থেকেই প্রিয়ন্তীর কবিতা আবৃত্তি ও অভিনয়ের প্রতি বিশেষ ঝোঁক ছিল। সেই প্যাশনই আজ তাঁকে এই বিরল সম্মান এনে দিয়েছে। বড় বোন ও শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিমলা ইসলাম শশি ছোট বোনের এই সাফল্যে গর্বিত। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, প্রিয়ন্তী ওর পরিশ্রমের ফল পেয়েছে। আপনারা ওর জন্য দোয়া করবেন যেন ও দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।”
অভিনয় শিল্পের অন্যতম কঠিন শাখা ‘তাৎক্ষণিক অভিনয়’-এ প্রিয়ন্তীর এই জাতীয় পর্যায়ের অর্জন শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এটি কেবল একজনের ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রান্তিক জনপদের সাংস্কৃতিক জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
Discover more from Shadhin Janapad
Subscribe to get the latest posts sent to your email.


