
মেহেদী হাসান, নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে মোঃ গোলাম মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোস্তফা নগরীর সপুরা বিসিক শিল্প নগরীর ‘মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলস্’-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার রাত ৮টার পর ২৯নং ওয়ার্ডের খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, মতিহার থানার ডাঁশমারী গ্রামের মোঃ তৈমুর আলীর ছেলে মোঃ গোলাম মোস্তফা নিজ বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে খোঁজাপুর গোরস্তানের পাশের রাস্তায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তফা দীর্ঘদিন ধরে মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলস্-এ অত্যন্ত নিষ্ঠার সাথে খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
অন্ধকারে অতর্কিত এই হামলার কারণে হামলাকারীদের কাউকেই তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে এবং ঘাতকদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
Discover more from Shadhin Janapad
Subscribe to get the latest posts sent to your email.


