
অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই থিম সং-এর উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নতুন এই থিম সং-টিতে বিএনপির জনপ্রিয় স্লোগান ‘ভোট দিবেন কীসে, ধানের শীষে’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-সহ দলের মূল আদর্শ ও নির্বাচনী অঙ্গীকারগুলোকে গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, “পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অত্যন্ত দৃঢ় হয়, আমরাও ঠিক তেমনি দৃঢ় রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি, যা হলো ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। আর এই জাতীয়তাবাদের প্রতীক হচ্ছে ধানের শীষ।”
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ধানের শীষ প্রতীক মানুষের হৃদয়ে মিশে আছে। এই প্রতীক যেমন বিগত সরকার মুছে দিতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। এই গানটি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। এখন থেকে বিএনপির সকল নির্বাচনী প্রচারণায় এই থিম সংটি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
Discover more from Shadhin Janapad
Subscribe to get the latest posts sent to your email.


