

অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড ও উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করবেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টায় উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুলের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হবে।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “একজন সচেতন শিক্ষার্থীর আচরণ কখনো এমন হতে পারে না। সালাউদ্দিন আম্মারের কর্মকাণ্ড ক্যাম্পাসে দিন দিন উদ্বেগের জন্ম দিচ্ছে। রাকসুর জিএস হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করার কথা থাকলেও তিনি কেবল উত্তেজনা সৃষ্টিতে ব্যস্ত। তার এই আচরণে আমরা তার মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দিহান, তাই আমরা তার সুচিকিৎসার দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, গতকাল রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো একটি ব্যানার সরিয়ে ফেলেন সালাউদ্দিন আম্মার। এর আগে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ব্যানারটি সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষককে আলটিমেটাম দিয়েছিলেন। শিক্ষক লাঞ্ছিত করা ও ব্যানার ছেঁড়ার মতো ঘটনায় ক্ষুব্ধ হয়েই ছাত্রদল এই কর্মসূচি ঘোষণা করেছে। এ বিষয়ে আম্মারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।