
আকাশ সরকার, নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে এক প্রকার ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ জুয়ার আসর। স্থানীয়দের দাবি, জনবসতিপূর্ণ এলাকায় এই চক্রের মূল হোতা রেজাউল তার সহযোগী রুস্তমের নেতৃত্বে নিয়মিত এই আসর পরিচালনা করছেন। দিন-রাত সমানতালে চলা এই জুয়ার বোর্ডে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, ঝালুকা ইউনিয়নের নির্জন এলাকাগুলোতে এই চক্রটি তাদের আস্তানা গেঁড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, জুয়ার আসরকে কেন্দ্র করে এলাকায় বহিরাগত ও মাদকাসক্তদের আনাগোনা বেড়েছে। এতে সামাজিক শৃঙ্খলা যেমন ভেঙে পড়ছে, তেমনি স্কুল-কলেজ পড়ুয়া তরুণরা এই মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে। সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক।
অভিযুক্ত রেজাউলের সঙ্গে এই বিষয়ে কথা বলা হলে তিনি কোনো প্রকার লুকোছাপা না করেই দম্ভের সাথে জানান, তিনি প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই এই ব্যবসা চালাচ্ছেন। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে তার সহযোগী রুস্তমের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “জুয়ার বোর্ড বসার বিষয়ে তার জানা ছিল না। তবে বিষয়টি খোঁজ নিয়ে যে কোনো সময় অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি শফিকুল ইসলাম।”
এলাকাবাসীর দাবি, শুধু মৌখিক আশ্বাস নয়, অতি দ্রুত এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করে ঝালুকা ইউনিয়নে পুনরায় স্বাভাবিক ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হোক।
Discover more from Shadhin Janapad
Subscribe to get the latest posts sent to your email.


