

অনলাইন ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে রাকসু ও হল সংসদের নেতাকর্মীরা ‘হাইকোর্ট না শাকসু, শাকসু শাকসু’, ‘হারার ভয়ে খেলে না, এই কথা তো বলে না’ এবং ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, “আজ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একটি গোষ্ঠীর ইন্ধনে হাইকোর্ট নির্বাচন স্থগিতের রায় দিতে বাধ্য হয়েছে। আপনারা কোনো ছাত্র সংসদেই জিততে পারেননি, তাই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। যখনই দেখলেন শিক্ষার্থীরা ছাত্রশিবিরের নেতাকর্মীদের পছন্দ করছে, তখনই আপনারা মাঠ ছেড়ে পালালেন।”
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ তার বক্তব্যে বলেন, “হাইকোর্টকে ব্যবহার করে শাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। একটি বিশেষ গোষ্ঠী সবসময় ছাত্র সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা চালায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও তারা ব্যর্থ হয়েছে, শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ঠিকই নির্বাচিত করেছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিলে সারা দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যাবে।” তিনি অবিলম্বে শাকসু নির্বাচনের বাধা দূর করে ভোট গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে রাকসু ও বিভিন্ন হল সংসদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।