
অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো রাজনৈতিক ব্যানার সরিয়ে ফেলার আলটিমেটাম দিয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার।
রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি ঘোষণা দেন যে, দুপুর ২টার মধ্যে ব্যানার না সরালে তিনি নিজেই তা ছিঁড়ে ফেলবেন।
সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, জিয়া পরিষদের জনৈক সভাপতির টাঙানো ওই ব্যানারটি তিনি দেখেছেন। তিনি শিক্ষকদের সমালোচনা করে লেখেন, তারা 'পার্ট টাইম শিক্ষক' ও 'ফুল টাইম পলিটিশিয়ান', যারা শিক্ষাপন্থি নন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসে দলীয় প্রচার চালাতে দেবেন না জানিয়ে তিনি জিয়া পরিষদকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার তুলে নেওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি রাবি প্রক্টর মাহবুবুর রহমান ও তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং শিক্ষকদের পরিচয় হওয়া উচিত শুধুমাত্র একজন সম্মানিত শিক্ষক হিসেবে।
পোস্টে তিনি জামায়াতে ইসলামীকেও একই বার্তা দিয়ে বলেন, শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, কিন্তু এর নেপথ্যে থাকে ভয়াবহ শিক্ষক রাজনীতি। তাই এই শিক্ষক রাজনীতি নিয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। রাকসু জিএস ৭৩-এর অধ্যাদেশ স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক প্রচার চালানো বা শিক্ষক সমিতিকে দলীয় স্বার্থে ব্যবহার করা অনুচিত।
উল্লেখ্য, সম্প্রতি তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করায় রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার ক্যাম্পাসে অভিনন্দন জানিয়ে ব্যানার স্থাপন করেন। এই বিষয়ে অধ্যাপক ড. নেছার উদ্দিন বলেন, ১৯৭৩ এর অধ্যাদেশ শিক্ষকদের রাজনীতি করার অধিকার দিয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমান দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙানোয় কোনো ক্ষতি দেখছেন না বলেও তিনি মন্তব্য করেন।